এই প্রথম বাংলায় ব্লগ নিয়ে হাজির হলাম। এমনকি এটিই আমার প্রথম BBCommunity তে করা ব্লগ। এই ব্লগে আমি একটি বই রিভিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
বইয়ের নাম: যদ্যপি আমার গুরু
লেখক: আহমদ ছফা
- ঘরানা: স্মৃতিচারণমূলক
- প্রকাশকাল: ১৯৯৮
- পৃষ্টাসংখ্যা: ১১০
"যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যার
তথাপি তাহার নাম নিত্যানন্দ রায়"
বঙ্কিমের একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছিল। তাঁর পড়াশোনা অইছিল মুসলমানদের টাকায়। মুহসিন ফান্ডের টাকায় তিনি লেখাপড়া করেছিলেন। মুসলমানের বিরুদ্ধে কলম ধরে সেই ঋণ শোধ করেছেন।রামকৃষ্ণ বঙ্কিমরে কইছিলেন, তোমার মনে এত অহংকার কেন?"
এক নজরে এটা দেখে বঙ্কিম অনুরাগীরা ভাবতেই পারেন যে বঙ্কিমকে নিয়ে এত শক্তিশালী, স্পষ্ট বাক্য কে বলে ফেললেন,কার ঘাড়ে এত মাথা?যিনি এই কথাগুলো বলেছেন তিনি শুধু স্পষ্টবাদীই না অফুরন্ত জ্ঞানের ভান্ডার, এক অসাধারণ ব্যক্তিত্ব। আর এই অসাধারণ ব্যক্তিত্বকে নিয়েই আহমদ ছফার এই অসাধারণ রচনা।
সাল ১৯৭০। আহমদ ছফা বাংলা একাডেমি থেকে গবেষণা বৃত্তি পাওয়ার পর পি.এইচ.ডি থিসিসের পরামর্শক হিসেবে একজন জ্ঞানী শিক্ষকের সন্ধানে যখন কপালে চিন্তার ভাঁজ ফেলছিলেন,ঠিক তখন তার চারপাশ থেকে যাঁর নাম উচ্চারিত হয় তিনি ছিলেন তৎকালীন জাতীয় অধ্যাপক,গুণী ' আব্দুর রাজ্জাক স্যার'।
আহমদ ছফা রাজ্জাক স্যারের সরাসরি ছাত্র না হলেও জীবনের দীর্ঘ সময় উনার সাথে কাটিয়েছেন।তিনি স্যারের চিন্তা- ভাবনা,দৃষ্টিভঙ্গি নিগূঢ়ভাবে উপলব্ধি করার সুযোগ পেয়েছেন।রাজ্জাক স্যার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হলেও শিল্প- সাহিত্য, অর্থনীতি,ইতিহাস,ধর্ম-সংস্কৃতি,সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে তাঁর জ্ঞান ছিল অনেক গভীর।সেই সময়কার বাঘা বাঘা সব মনীষী তার জ্ঞান,ধী-শক্তির অনন্যতা মেনে নিতে এককথায় বাধ্যই হয়েছিলেন।আহমদ ছফা তার জ্ঞান পিপাসু দৃষ্টি নিয়ে ঘন্টার পর ঘন্টা এই চলমান বিশ্বকোষের সামনে বসে থাকতেন এই অগাত জ্ঞানের ভান্ডার থেকে কিছু জ্ঞান আহরণ করার জন্য।
রাজ্জাক স্যারের বাচনভঙ্গিতে একটু ভিন্নতা ছিল।তিনি খাঁটি ঢাকাইয়া ভাষায় কথা বলতেন।পোষাক পরিধানের দিক থেকেও খুবই সাধারণ ছিলেন।পরোপকার করা যেন তাঁর অভ্যাসে পরিণত হয়েছিল।দেশ বিদেশের নানান গুণী ব্যক্তিবর্গের সাথে তার বেশ সখ্যতা ছিল।তাদের সাথে তার পরিচয়,বাক্যালাপ এসব বইটিতে জীবন্ত হয়ে উঠে এসেছে।এছাড়াও তার শিল্প-সাহিত্য,সমাজ, সমকালীন শিক্ষাব্যবস্থা, মুক্তিযুদ্ধ নিয়ে চিন্তা চেতনা ফুটে উঠেছে বইটিতে।তিনি নজরুল,মুনীর চৌধুরী, ঈশ্বরচন্দ্র, জয়নুল আবেদিন ব্যক্তিবর্গের দারুণ প্রশংসাও করেছেন যার প্রতক্ষ সাক্ষী আহমদ ছফা।
রাজ্জাক স্যার ছিলেন প্রচন্ড স্পষ্টবাদী মানুষ তা তাঁর রবীন্দ্রনাথকে নিয়ে করা এই উক্তিটি থেকেই বোঝা যায়।"রবীন্দ্রনাথ বড় লেখক, কিন্তু মানুষ হিসাবে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কিংবা তাঁর মতো মানুষদের ধারে কাছেও আসতে পারেন না। বড় লেখক এবং বড় মানুষ এক নয়। বড় লেখকদের মধ্যে বড় মানুষের ছায়া থেকে। বড় মানুষরা আসলেই বড় মানুষ। লেখক কবিরা যা বলে সেরকম আচরণ না করলেও চলে। হের লাইগ্যা প্লেটো তার রিপাবলিক থ্যাইক্যা কবিগো নির্বাসনে পাঠাইবার কথা বলছিল।”
আমাদের সবার জীবনেই নানান ব্যক্তির আগমন, গমন চলতেই থাকে।কিন্তু কতজনই বা তাদের ছাপ রেখে যায়?কতজনই বা জীবনকে লক্ষণীয়ভাবে প্রভাবিত করে যাকে নিয়ে একটি আস্ত বই লিখে ফেলা যায়?আহমদ ছফার জীবনে এমন একজন ব্যক্তি ছিলেন রাজ্জাক স্যার। তিনি বলেছেন," একজন মানুষ যতো বড় ব্যক্তিত্বই হোন,বেশিদিন আমার আগ্রহ ও কৌতুহল উদীপ্ত রাখতে পারেনা।অতি সহজেই তারা পুরোনো হয়ে যায়।তখন তাদের ছেড়ে যাওয়া ছাড়া উপায় থাকেনা।দীর্ঘ ২৭ বছর ধরে রাজ্জাক সাহেবের সান্নিধ্য লাভ করে আসছি,রাজ্জাক সাহেব আমার কাছে একদিনের জন্যও পুরোনো হয়নি।"
- পাঠক প্রতিক্রিয়া :
এক চলমান বিশ্বকোষ ,নিখুঁত দৃষ্টিভঙ্গি সম্পন্ন, নিরহংকারী, বিনয়ী,অনাড়ম্বর জীবন যাপনকারী একজন মানুষ রাজ্জাক স্যার!অথচ আশ্চর্যের বিষয় এই কিংবদন্তির কথা আমাদের প্রজন্মের অনেকেই জানেননা,এমনকি আমিও জানতাম না।আমাদের সবার সাথে এই আশ্চর্য প্রতিভাকে পরিচয় করিয়ে দেওয়ার কাজটি করেছেন আহমদ ছফা তার অদ্ভুত লেখনী শক্তির মাধ্যমে।বইটির সাথে চুম্বকের মতো লেগেছিলাম, উপস্থাপনা অত্যন্ত সাবলীল ছিল যা আর বলার অপেক্ষা রাখেনা।বইটা শেষ করে একটা কথায় মনে হয়েছিল "ইশশ এমন একটা অসাধারণ ব্যক্তির কথা এতদিন জানতাম না!!!"
প্রিয় উক্তি:" বড় লেখক এবং বড় মানুষ এক নয়"
ব্যক্তিগত র্যাটিং : ৪.৮/৫
I am a professional blogger on Hive Blockchain. Though previously I worked with Steemit for a long time. I love to spend my time with cryptocurrency. As a result I choose Hive Blockchain to be Rewarded with HIVE and make my trading career better. Nowadays I am trying to create my contents more useful and creative. I also looking for some Decentralized Community at Hive Blockchain. Recently I worked with so many interesting Community on HIVE. If you have more collection on your list then please suggest me with your valuable comment. I need your help to improve my Hive Career.
Thanks for Stopping by,
All right reserved © @mhshoumik