হৃদয়র খুনির শুন্যতা ....

Words
353
Reading
2 min
Listen
Play
4y

"শূন্যতার প্রশ্ন থেকে দাঁড়ায়,
দেয়ালে চৌকাঠে আয়নায় কে সত্য?
তুমি না আমি? "

উত্তর নেই , পাইনা আমি ! পৃথিবী ঘুরতে থাকে। আমরা থাকি স্থির। তৃষ্ণার্ত। উদ্বাহু। উদ্বিগ্ন। জনতার ভীড়ে এক ফোঁটা জমিনের মতো নিঃসঙ্গ।নিঃস্বঙ্গতাই বেশ !

InShot_20220928_220306582.jpg
মাঝে মাঝে কষ্ট করে হলেও অনুভুতির গভীরতম স্পন্দন ফুঁড়ে উঠে পড়ি। দেখি ঠাঁই বসে আছি দুঃস্বপ্নের নিবিড় ক্রোড়ে। বিনীত সব নিবেদন অগ্রাহ্য করে পৃথিবী আমাকে দেয় অভিশাপ। তারপর মহাকালের আদিমতম ঘড়িতে বারোটা বাজলে বার্ধক্যের পোষাক পরে আমাকে দাঁড়াতে হয় নিজের সামনে। রক্তাক্ত চোখে দেখতে হয় কীভাবে বুকের খাঁচায় মাথা কুটে মরে যায় একটি বিষন্ন পাষান হৃদপিণ্ড।

বিষন্ন বলে পাষান নাকি পাষান বলে বিষন্ন তর উত্তর আমার কাছে নেই । এইটুকু জানি এবং বুঝি আমি যা তা হলো আমি নির্দয় । এক হৃদয়কে খন্ড বিখন্ড করে দিয়ে আমি বেশ খানিক দূরে নগ্ন পায়ে হেটে গেছি , আর হেটে যাওয়ার সময় ওই খণ্ডিত হৃদয়ে আঘাত করেছি আর আঘাতের রক্তর উপর দিয়ে আমি ক্রমাগত হেটে চলেছি ।

তারপর?! পা টেনে টেনে আমি যে হেটে চলেছি এই হেটে চলার সাথে রয়েছে এক হৃদয় হত্যার চিহ্ন । আমার পদচিহ্নের সাথে থাকবে পুঁজ, রক্ত, স্মৃতি। মাথা নিচু। ক্লান্ত। পরাজিত। বিদগ্ধ। নিঃসঙ্গতা । আপাত শুকনো চোখের ভেতর দিয়ে বয়ে যাবে অন্ধ রাগ আর বিগত সময়ের বিস্মৃত সব অভিমান। পাশ দিয়ে হেঁটে যাবে আগন্তুক। নাক সিঁটকাবে ঘেন্নায়। ধুলোর গায়ে এঁকে দেবে ভন্ডামি আর কপটতার এক দলা থকথকে জলছবি। তবুও হাঁটো।

চলছি। ছুটছি। অথচ কিছুই ছুঁতে পারছি না। প্রতিদিন কমছে ফাঁটা ঠোঁটে ক্লিষ্ট হাসির ডায়ামিটার। অথচ নিদারুণ বাড়ছে তাপমাত্রা, দেনা, দ্রব্যমূল্য, সুগার, আর তোমাকে না পাওয়ার শঙ্কা। তোমাকে না পাওয়ার শংকাকে ছাড়িয়ে আছে এক মাছুম হৃদয়কে খন্ড বিক্ষত করার অভিশাপ !

দিনকে দিন বাড়ছে দুঃখ। বাড়ছে শোক। বাড়ছে বিষাদ আর দূরত্ব৷ বাড়ছে যানজট, অনাহার। বাড়ছে সংশয় আর মানুষ।
থামছি। বসছি। অথচ জিরোতে পারছি না। প্রতিদিন সকালে ঘুমাবোনা বলে ঘুমিয়ে যাই। অথচ আর কক্ষণো উঠবো না বলেও জেগে উঠি। কী আজব !

তাই শেষমেষ হেরেই যাচ্ছি।

হারিয়ে যাচ্ছি, হারিয়ে ফেলছি। হারিয়ে যাচ্ছো তুমি। হারিয়ে যাচ্ছি আমার আমি টা !

জান্নাতের খুশবু জুটবে না বলে দোজখের ওম গায়ে মেখে এক হৃদয়র খুনি হয়ে আরেক হৃদয়কে না পাওয়ার আফসোসে জীবন কাটাচ্ছি।

আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷

হৃদয়র খুনির শুন্যতা .... | Ecency