ঈদ মুবারক ( আমার ঈদ যেমন কাটলো) ❤️

Words
510
Reading
3 min
Listen
Play
5y

আজ পবিত্র ঈদ উল ফিতর। সকালে উঠে বাবার সাথে কুশল বিনিময় করে গোসলটা সেরে ফেললাম। গোসল থেকে বের হলাম, শরীরটা কেমন খারাপ লাগছিলো। সাথে সাথে ডায়াবেটিসটা মেপে নিলাম। খালি পেটে সুগার লেভেল আসল ১৫। একটু চিন্তায় পরে গেলাম। ভাবছিলাম বাবা মাকে জানাবো কিনা। পরে ভাবলাম না তাদের ঈদ নষ্ট করা যাবেনা। হাসি মুখে মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম মা কি রান্না করেছ। মা বললো তুই কারো বাসায় দাওয়াত খেতে গেলে কিছু খেতে পারিস না, তাই ভাবলাম পোলাউ এর রোস্ট বানিয়ে ফেলি। মার কথা শুনে খুশি মনে আমি নতুন জামা বের করলাম।

IMG-20210514-WA0004.jpg

দুপুরবেলা আমার চাচার বাসায় দাওয়াত, বাবা নামাজে যাওয়ার আগে বলে গিয়েছেন সকাল দশটার মধ্যে চাচার বাসায় যেতে হবে। এসব চিন্তা মাথায় রেখে নতুন জামা পরে নিজেকে তৈরী করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই মাথা ঘুরে পড়ে গেলাম। নিজেকে সামলিয়ে একটু চোখটা বন্ধ করলাম। কিভাবে যেন ঘুমিয়ে গেলাম। আমার কিছু মনে নেই। ঘুম ভাঙলো উঠে দেখি ১১.৩০ টা বেজে গিয়েছে। আমার শরীর মোটেও ভালো ছিল না। তাও ভাবলাম আপনজনদের সাথে দেখা করলে ভালো লাগবে। ঈদ এর জামা পরে আমি আমার বোন বাবা আর মা, চলে গেলাম আমার এক চাচার বাসায়। সেখানে আমার বিবিজান ( দাদি ) থাকেন। চাচার বাসায় গিয়েই বিবিজানের কাছে গেলাম। কিন্তু তিনি আমাকে দূরে সরিয়ে দিলেন। যদিও এই কাজটি তিনি আমার সাথে সবসময়ই করেন।

IMG-20210514-WA0001.jpg

আমাকে একবার আমার দাদি বলেছিলেন আমি মেয়ে বলে উনি আমাকে পছন্দ করেন না। কিন্তু আমার বোনকে অনেক পছন্দ করেন। আমার জন্মের সময় আমার দাদী আমাকে দেখে নাকি বলেছিলেন আবার মেয়ে কেন...? যাই হোক আমার এসব বিষয় এখন সহ্য হয়ে গিয়েছে। আমার গুরুজন তিনি, যথেষ্ট সম্মান করি. কিন্তু একটু হলেও নিজের কাছে খারাপ লাগে। যাই হোক আমার দাদী আমাকে দূরে সরিয়ে আমার বোনকে কাছে টেনে নিলেন। আমার হিংসা হয় না কিন্তু একটু খারাপ লাগে। প্রতিবছর আমি ওনার কাছে যাই আর এভাবে আমাকে দূরে সরিয়ে দেন।

IMG-20210514-WA0002.jpg

যাই হোক, কিছুক্ষন পর আমার চাচি আমাদের খাবার খেতে ডাকলেন। দুপুরের খাবার আমি সবসময় ই অনেক আগ্রহ সহকারে খাই। আমি খেতে বসলাম, দেখলাম মেনুতে রয়েছে পোলাউ, রোস্ট, গরু আর খাসির গোশত। আমি বেশ কষ্ট পেয়েছিলাম, কারণ আমার এলার্জি এর সমস্যা থাকায় খাসি আর গরুর গোশত খেতে পারলাম না। খেতে খেতে আমার আরেক চাচা তার পরিবার নিয়ে চলে আসলেন। আমরা একসাথে বসে দুপুরের খাবার শেষ করলাম। কিছুক্ষনের মধ্যেই আমার ছোট ভাইয়া ( ফুফাতো ভাই ) এবং তার পরিবার আসলো। আমার ফুফাতো ভাইয়ের দুটো কন্যা। বড় কন্যা আমাকে এশেরী বলে। ওকে আমার বেশ ভালোই লাগে। আমি ওকে ভাইয়ের মেয়ে না বরং নিজের ছোট বোন মনে করি। যদিও কথাটা মোটেও ঠিক না।

IMG-20210514-WA0003.jpg

কিছুক্ষন পর আমার ছোট চাচা তার পরিবার নিয়ে চলে আসলেন। আমরা চাচাতো ভাই বোনরা বেশ ভালোই সময় কাটালাম। চাচীরা মিলে আসর জমালো, চাচারা মিলে আরেকটা আসর। বিকাল পর্যন্ত চাচার বাসায় ছিলাম। সবাই খুব আনন্দ করলাম। বাসায় এসে আবার ডায়াবেটিস টা মেপে দেখলাম, তখন ছিলো ৯.৬। এটা দেখে একটু শান্তি পেলাম। এইতো এভাবেই কাটালাম আমার এবারের ঈদ। যদিও শরীরটা ভালো নেই। শত কষ্ট হওয়া সত্ত্বেও হাসি মুখেই পরিবারের সকলের সাথে সময় কাটিয়েছি। কেননা, "কারো বসবাসের বাড়ি আছে। কারো ভালবাসার জন্য পরিবার আছে। যার দুটোই আছে সে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী ।”

IMG-20210514-WA0000.jpg

আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ এর শুভেচ্ছা। ঈদ মুবারক। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের একটি সুন্দর এবং স্বাস্থ্যকর জীবন কামনা করছি। অসংখ্য ধন্যবাদ।💜

ঈদ মুবারক ( আমার ঈদ যেমন কাটলো) ❤️ | Ecency