বলিউডের দাপুটে অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর খবর শুধু ভারতের শোবিজ অঙ্গনের বাসিন্দাদের হৃদয় ভাঙেনি, তাঁর এই আকস্মিক মৃত্যু কাঁদাচ্ছে বাংলাদেশের নাটক, চলচ্চিত্র ও গানের জগতের বাসিন্দাদের।
কেউই তাঁদের এই প্রিয় অভিনেত্রীর মৃত্যু মানতে পারছেন না। পর্দায় ক্যারিশমাটিক অভিনয়ের পাশাপাশি শ্রীদেবী তাঁর স্টাইল দিয়ে ভিনদেশেও তৈরি করেন বিরাট ভক্তকুল। সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশের শোবিজের বাসিন্দাদের মনে ঠাঁই করে নেন। প্রিয় অভিনেত্রীর এভাবে চলে যাওয়া কাঁদাচ্ছে সবাইকে।
কেউ কেউ বলছেন, এক জীবনে সৌন্দর্য আর শিল্পকে একজন শিল্পী কতভাবে দর্শক অনুভূতি নাড়াতে পারেন, তার উদাহরণ তিনি। আজ ভোর রোববার থেকেই বাংলাদেশি তারকাদের ফেসবুকের নিউজফিডজুড়ে শুধুই শ্রীদেবী। নিজেদের কষ্টের অনুভূতি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আর টুইটারে। সমবেদনা জানিয়েছেন অভিনয়শিল্পীর পরিবারকে।