পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের নয় বছর পূর্ণ হচ্ছে আজ রোববার। হত্যাযজ্ঞে ৫৭ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া খুনের মামলার বিচার গত নভেম্বরে হাইকোর্টে শেষ হয়েছে।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তাঁরা।
বিচারিক আদালতের পর হাইকোর্টে মামলার বিচারকাজ শেষ হওয়ায় এখন বিচারের সর্বোচ্চ ধাপ আপিল বিভাগেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার কথা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের হলে আপিল বিভাগেই মামলার চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে। সবার সজাগ দৃষ্টি থাকবে আপিল বিভাগে। এ মামলায় হাইকোর্ট ১৩৯ জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন। যাবজ্জীবন বহাল আছে ১৮৫ জনের এবং বিভিন্ন মেয়াদে সাজা বহাল রয়েছে ২০০ জনের।
বিচার প্রসঙ্গে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শনিবার প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর তা পর্যালোচনা করা হবে। এরপর খালাস পাওয়া আসামিদের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা হবে।
আর দণ্ডপ্রাপ্ত আসামিদের অন্যতম আইনজীবী আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নভেম্বরে হাইকোর্ট রায় দিলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। তবে আপিল বিভাগে আপিল করার জন্য ইতিমধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে ওকালতনামা নেওয়া হয়েছে। এর বাইরে আপিলের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষে। রায় হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা হবে। আপিল বিভাগের কাছ থেকে ন্যায়বিচার পাবেন বলে তিনি আশা করেন।