মুশফিকুর রহিমের অন্যতম ফেবারিট একটি শট রিভার্স সুইপ। কিন্তু ত্রিদেশীয় সিরিজের সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই সুইপ শট খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি।
ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ২২ রানে তিন উইকেট হারিয়ে দল যখন কঠিন চাপের মুখে তখন মাহমুদউল্লাহর সঙ্গে হাল ধরেন মুশফিক। তাদের জুটিতে ভর করে একটা সময়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। শুরু থেকে ভালো খেলতে থাকা মুশফিক নিজের ফেভারিট শট সুইপ খেলতে গিয়ে আউট হয়ে যান। তার আউটের মধ্য দিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ।
মুশফিকের এমন আউট নিয়ে খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, তামিম-সাকিব-মুশফিক আমাদের সেরা খেলোয়াড়। অপ্রত্যাশিত হলেও সত্য মুশফিকের এখন বাজে সময় যাচ্ছে। একটা সময়ে সে ভালো সুইপ খেলত। তবে আজ যে উইকেট খেলা হয়েছে সেটা সুইপ খেলার পিচ ছিল না। এখানে সুইপ খেলার কারণ আমি দেখি না। তবে সে কেন খেলেছে তা তো আমি বলতে পারব না। ওর যেহেতু এখন সুইপ খেলাটা হচ্ছে না সেহেতু না খেলাই উচিত। আবার যখন হবে তখন খেলবে। এটা নিয়ে টিম ম্যানেজমেন্টে যারা আছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে।