নির্বাচনে প্রার্থী না হয়ে ট্রাম্পের উচিত গলফ খেলে জীবন উপভোগ করা: সাবেক স্ত্রী ইভানা

Words
343
Reading
2 min
Listen
Play
8y

ডোনাল্ড ট্রাম্পকে ২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিতে আহ্বান জানিয়েছেন তাঁর সাবেক স্ত্রী ইভানা ট্রাম্প। তিনি বলেছেন, আগামী নির্বাচনে ট্রাম্পের প্রার্থী হওয়া উচিত হবে না। নির্বাচন না করে তাঁর জীবন উপভোগ করা উচিত। পেজ সিক্স নামে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইভানা ট্রাম্প এসব কথা বলেন বলে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানা ট্রাম্প বলেছেন, আগামী নির্বাচনে প্রার্থী হওয়া ট্রাম্পের উচিত হবে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাদ দিয়ে ট্রাম্পের উচিত গলফ খেলা এবং জীবনকে উপভোগ করা। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

ইভানা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী। সাক্ষাৎকারে ওই ট্যাবলয়েডকে তিনি বলেন, ‘আমি আপনাকে বলব, ট্রাম্পের জন্য প্রেসিডেন্ট পদে প্রতিযোগিতা করা জরুরি নয়। তাঁর একটা সুন্দর জীবন আছে। তাঁর সবই আছে। আগামী নির্বাচনে ডোনাল্ডের বয়স ৭৩-৭৪ হবে এবং তাঁর উচিত হবে গলফ খেলা এবং জীবনকে উপভোগ করা।’

৬৯ বছর বয়সী ইভানা বলেন, ‘২০১৬ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে নিউইয়র্কের এ ধনকুবেরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে কোনো ধারণা ছিল না। আমার মনে হয়, তাঁর সামান্যই স্বাধীনতা আছে। আমি মনে করি না যে প্রেসিডেন্ট হিসেবে তাঁকে কী কী করতে হয় তা তিনি সব জানেন। প্রেসিডেন্ট হিসেবে আপনাকে অনেক তথ্য জানতে হয়, পুরো বিশ্ব সম্পর্কে খবর রাখতে হয়।’

আবেদনময়ী সাবেক পর্নো তারকা স্টোর্মি ডেনিয়েলসসহ নানা যৌন কেলেঙ্কারি এবং ডোনাল্ড ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়া সম্পর্কেও কথা বলেন ইভানা। তিনি মেলানিয়ার জন্য দুঃখ প্রকাশও করেন। তিনি বলেন, ‘আমি জানি মেলানিয়ার দুঃখটা। মেলানিয়ার কষ্ট আমি অনুভব করতে পারছি।’ইভানা ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী। ১৯৭৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত স্থায়ী ছিল এ সম্পর্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের বড় তিন সন্তানের মা ইভানা ট্রাম্প। এঁরা হলেন ট্রাম্প জুনিয়র, ইভানকা ট্রাম্প ও এরিখ ট্রাম্প। কিছুদিন আগে ইভানা নিজেকে ফার্স্ট লেডি দাবি না করলেও প্রেসিডেন্টের ফার্স্ট ওয়াইফ হিসেবে দাবি করেন। তখন এটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল।
১৯৯২ সালে মার্লা ম্যাপলস নামে এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের কথা ফাঁস হওয়ার পরই ট্রাম্প ও ইভানার ছাড়াছাড়ি হয়ে যায়। মার্লা ম্যাপলসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দেখা হয় ইভানা প্রথম স্ত্রী থাকা অবস্থাতেই।

ট্রাম্প সম্প্রতি বলেছেন যে ২০২০ সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এ জন্য তাঁর সাবেক তথ্য ব্যবস্থাপক ব্রাড পার্সকেইলকে ক্যাম্পেইন ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছেন।