সেই 2016 সালে এসএসসি পাশ করার পরে অজানা একটা নতুন শহরে গেলাম । যদিও কথাটা অনেক সহজে বললাম,তবে নতুন শহরে যাওয়াটা আমার জন্য মোটেও সহজ ছিল না । এটা অনেকটা কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল । গ্রামে বড় হয়েছি তো,তাই আশেপাশের মানুষের অনেক তিক্ততা পূর্ণ সমালোচনা ছোটবেলা থেকে শুনেই বড় হয়েছি ।
যাই হোক আমি আমার গ্রামীণ জীবনের কথা বলতে চাই না । আমি আজ শোনাতে চাই কিছু মানুষের কথা, যাদের ভূমিকা আমার জীবনে অনেকটা সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। আমি এখনো ভুলতে পারিনা মানুষগুলোকে, এখনো মনে পড়ে সেই স্মৃতি রাঙা দিনগুলো । সত্যি তারা না থাকলে মনেহয় আমার সেই কলেজ লাইফে একটা অপূর্ণতায় থেকে যেত । একেতো গ্রাম থেকে এসেছি তারপর আবার নতুন শহর সব নতুন মুখ । সবকিছু গুছিয়ে উঠতে একটু সময় লেগেছিল । আমি মনে করি যে একটা মেয়ের জীবনে তাদের বান্ধবীর ভূমিকা অনেকটা গুরুত্বপূর্ণ ।আর আমি সেই গুরুত্বপূর্ণ বান্ধবী গুলোকে পেয়েছিলাম আমার জীবনে, যারা আমার সেই কঠিন সময়টাতে আমাকে মানসিকভাবে ভালো সাপোর্ট দিয়েছিল । অনেক সুখস্মৃতি নিয়ে আমাদের কেটে গিয়েছিল কলেজ লাইফের দুইটা বছর । সত্যি বলতে কি, আমি বুঝতেই পারিনি কিভাবে কলেজ লাইফটা আমার কেটে গেল । তবে ঐ লাইফে আমি অনেকটা সুখী ছিলাম । আমি মনেহয় আমার স্কুল জীবনে ও আমার ভার্সিটি জীবনেও এতটা ভালো বান্ধবী পায়নি, যতটা ভালো বান্ধবী পেয়েছিলাম ঐ কলেজ জীবনে । আজ আমি একজনের ঘরের বউ, একটা বড় সংসার সামলাই । কত দায়িত্ব আমার উপরে, তবে তাও দিন শেষে ঐ ফেলে আসা দিনগুলোর কথা আমার এখনো মনেপড়ে । পৃথিবী যখন শান্ত ছিল তখন একবার অতীতের মানুষগুলোর সঙ্গে আমি দেখা করেছিলাম । আজ আমি সেই সুন্দর স্মৃতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব । শুধু যে আমার একার বিয়ে হয়েছে তা কিন্তু নয় মোটামুটি কমবেশি সবারই বিয়ে হয়েছে । সবার মাথার উপরে ঘর সংসারের একটা দায়িত্ব আছে, আসলে এই দায়িত্ববোধ থেকে খুব একটা সময় বের করে, সবার সঙ্গে দেখা করা সত্যিই অনেক কষ্টকর । যাইহোক পরিকল্পনাটা অনেক আগে থেকেই ছিল, যে সবাই একসঙ্গে দেখা করবো । অতঃপর সেই সুদিনটা আমাদের কাছে ধরা দিলো । একটা দিন ফ্যামিলির বাইরে, সব বান্ধবীরা মিলে একই হোস্টেলে থাকবো এইটা বিয়ের পরে চিন্তা করা সত্যিই অনেক কষ্টকর ব্যাপার । যাইহোক আমি আমার পরিবারকে অনেক কষ্ট করে রাজি করিয়ে ছিলাম সেইদিন এবং সেদিন সকাল বেলা যখন আমার স্বামী আমাকে হোস্টেলের সামনে রেখে আসলো তখন মোটামুটি একইরকম পরিস্খিতি আমার অন্য বান্ধবীদেরও হয়েছিল, তো মোটামুটি আমার স্বামীর সঙ্গে আমার অন্য বান্ধবীদের স্বামীদের পরিচয় পর্বটা হোস্টেলের গেটেই হয়ে গিয়েছিল । কলেজ জীবনের সেই পুরাতন হোস্টেল, ওখানে আমরা আগে থেকেই কথা বলে রেখেছিলাম, সেজন্য আমাদের থাকতে কোন অসুবিধা হয়নি । তো আমরা সব বান্ধবীরা মিলে একটা রাত সবাই আবার অতীতের জীবনে ফিরে গিয়েছিলাম, আমরা সেই দিন রাত্রে সবাই মিলে পিকনিক করেছিলাম, সবাই মিলে অনেক মজা করেছিলাম এবং সবাই সবার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলাম, সব মিলিয়ে একটা মনে রাখার মত সময় ছিল । সত্যি বলতে কি, দীর্ঘ সময় পরে জীবনে এইরকম একটা সময় ফিরে পাব, আমরা মোটেও কল্পনা করতে পারিনি । যাইহোক আমরা আমাদের সেই সময়টাকে মনে রাখার জন্য কিছু ছবি তুলে রেখেছিলাম এবং সেগুলো আমাদের কাছে এখনো স্মৃতি হিসাবে আছে । যাইহোক আমি মনে করি ঐদিনটাই ছিল আমার জীবনের সবথেকে আনন্দমুখর একটা দিন, আমি এখনো মাঝে মাঝে ওই দিনটার কথা মনে করি এবং ফিরে পেতে চাই আর একবার ঐ রকম একটা সময় । ভালো থাকুক প্রিয় মানুষগুলো,সুন্দর সুন্দর জায়গায় ।
ফিরে পেতে চাই, আরেকবার !! | Ecency
'Starry Galaxy' - Authentic Digital Illustrationsakura21 ·