Vietnam-02: How, Why, when...

Words
647
Reading
3 min
Listen
Play
3y

ভিয়েতনাম প্ল্যান করবার সময় যে সমস্যাটা সবথেকে বেশি হয়েছিল, তা হলো, পর্যাপ্ত পরিমানের তথ্যের অভাব।
স্বভাবতই যখন সোলো-ফিমেল হিসাবে ঘুরতে হয়, সঠিক এবং বিস্তারিত তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার।

আমি ভিয়েতনামের টিকিট করতে বসেছিলাম হুজুগের বশে।
যাবার কথা ছিলো রাজস্থান আসলে। একেবারে খুঁটি-নাটি প্ল্যান বানিয়েছিলাম গত বছরেই, যে এ বছর শীত শেষ হবার আগেই যেতে হবে। কিন্তু ইন্ডিয়ান ভিসার যা কাহিনী শুরু করেছে, তাতে বুঝলাম ভিসা আসতে আসতে শীতই পালিয়ে যাবে, কিন্তু যেতেতো হবে কোথাও!
কিন্তু প্ল্যান ছাড়া, সামান্য অর্থসম্বল করে যাবোটা কোথায়!

ভিয়েতনামের চিন্তাটা কেনো, কিভাবে এলো জানিনা সত্যই।
একদিন ঘুম থেকে উঠে, নিত্যদিনের মতো জীবন যৌবন নিয়ে প্রচন্ড ডিপ্রেশনে ভুগতে ভুগতে হুট্ করে নতুন ব্যাংকের ঝুলানো মূলা (মানে ক্রেডিট কার্ড আরকি) কাজে লাগিয়ে খেলার ছলেই কেটে ফেললাম ভিয়েতনামের টিকিট!
না তখন আমি ভিসার ব্যাপারে জানি, না আছে কোনো নির্দিষ্ট গন্তব্য! না আছে যথেষ্ট টাকা, না আছে তথ্য, আর না সংগী!
সাথে ছিল খালি এই গতানুগতিক যান্ত্রিকতা থেকে কিছুদিনের জন্য হলেও ছুটে পালানোর একটা সুতীব্র ইচ্ছে।

টিকিট কেটে স্তম্ভিত হয়ে কিছু সময় গেলো। সাধারণত আমি পাসপোর্ট, ভিসার সব কাজ নিজে করতেই পছন্দ করি। কিন্তু এখন হাতে সময় কম, ফেইসবুক এলগোরিদম আড়িপেতে সব শুনে আমাকে এজেন্সির খোঁজ দিলো কিছু।
তাদের একটাকে ধরেই ভিসার কাজ করতে দিয়ে দিলাম।
তারপর বসলাম প্ল্যান করতে।
বসেই দেখলাম বিপদটা।

যেহেতু আমি ফকির মুসাফির মানুষ, বাজেট আমার কাছে প্ল্যানের বিশাল বড় একটা অংশ।
বিস্তর খোঁজাখুঁজির পর দেখলাম, ভিয়েতনাম অনেকেই গেছে, যায়, কিন্তু প্রায় সবাই ইউরোপীয়ান কিংবা আমেরিকান অথবা সে জাতীয় দেশের লোকজনের তথ্য, যাদের কাছে ভিয়েতনাম খরচ দুদিনের সামার ভ্যাকেশানের থেকেও কম!
কারেন্সি ভ্যাল্যুর এই বিশাল পার্থ্যকের কারণে সকলেই বাজেটের ব্যাপারটাকে একেবারেই আমলে নেয়নি। কিন্তু এশিয়ান হিসাবে বাংলাদেশের সাথে পার্থ্যক্য অনেক হলেও, দেখলাম যে বাজেটে খুব একটা সুবিধা করতে পারছিনা।

যেমন ভিয়েতনাম ট্যুরের ব্যাপারে খোঁজ খবর নিতে গেলেই, প্রথমেই যে দুটো বিশেষ উপভোগের ব্যাপার আসে তা হলো, হ্যানয়ের ক্রুজ ট্রিপ (ক্যাট বা আইল্যান্ডে) আর হা জিয়াং ল্যূপ যেটাতে মোটরবাইকে করে ৩দিন-২রাত বা ৪দিন-৩রাতের একটা এডভেঞ্চারাস ট্যুর দেয়া হয়।
যেগুলোর খরচ পরে যথাক্রমে ২৫০-৩০০ ডলার এবং ১৫০-২০০ ডলারের মতো!
যেটা ভিয়েতনামি-ডংএর হিসাবে আসে ৭-৮ মিলিয়ন, আর বাংলাদেশি টাকায় আসে ২৫-৩০ হাজার টাকার মতো।
সত্যি বলতে এই দুটোর কোনোটাই অপচয় না।
কিন্তু এত টাকা করবার উপায়তো আমার নেই। যেখানে উল্টো হোটেল ভাড়া বাঁচাতে অপিরিচিত মানুষের বাসায় যেয়ে উঠবো, ফ্রিতে একটু নিরাপদ ছাদ পাবার আশায়।

প্রথমে ভেবেছিলাম, ভিয়েতনামে এতদিন কাটাবো কি করে, যাবোই বা কোথায়, পরে খুঁজে খুঁজে প্ল্যান সাজাতে যেয়ে দেখি, ৮-১০ না, বরং ১৫-২০ দিন হলেই কেবল একটা সন্তোষজনক ট্যুর হয়!

সুতরাং আপাতত এই বাজেটে যা হয় আরকি!
সামনে কি আছে,সেইটা নিয়ে আপাতত দুশ্চিন্তিত না খুব একটা।
আমার কেন যেন নিজের নিরাপত্তা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করেনা। মনে হয়, আমার সামনে যদি বাঘ পড়ে হঠাৎ, আমি তাকেও পটায়ে ফেলবো গুডনেস দিয়ে -_- (অতিরিক্ত কোরিয়ান রোমান্টিক মানহুয়ার প্রভাব কি না কে জানে)

তাছাড়া টুকটাক একা একা ঘুরে এখন এক ঘুরবার এমন এক নেশায় পেয়ে বসেছে যে, তালবাহানা করে একাই ঘুরতে যাই। তাছাড়া যেহেতু আমি বেশ গরিব বান্দা, এক ঘুরলে আমার খরচও অনেক কম হয়।
তবে অবশ্যই কিছু জায়গা আছে যেগুলো জন্য এক উপভোগের জন্য না। আর কিছু মানুষ আছে যাদের সঙ্গর জন্য এক্সট্রা খরচা করতে বাধে না।

যাক সেসব, তো এখন মূলত যাচ্ছি হো-চি-মিন শহরে।
ভিয়েতনাম দেশটা লম্বালম্বি, ট্রেন লাইনের মতো লম্বা হয়ে চায়না-সি'র ধার ধরে দক্ষিণ থেকে শুরু হয়ে উত্তরের শেষ মাথায়। কথিত আছে, ভিয়েতনামের উত্তর অংশ সবথেকে অসাধারণ। সুতরাং বেশিরভাগ সাজেশনেই দেখলাম দক্ষিণ থেকে শুরু করে, খুব বেশী সময় এদিকে অপচয় না করে, উত্তরে চলে যাবার পরামর্শ আছে।
এক মাথায় হো-চি-মিন আর আরেক মাথায় হ্যানয়। সেজন্য সিদ্ধান্ত নিয়েছি যাবার সময় হোচিমিন যেয়ে নামবো, হো চি মিন ধরে যাত্রা করে হ্যানোয়ে যেয়ে শেষে করে ওখান থেকে প্লেন পাকড়ে ফিরে আসবো।
এবং এখানে সৌভাগ্যের বিষয় হলো, আমি টিকিট কাটবার সময় এত কিছু জানতাম না, আমার কেবল অভ্যাস বশত এইভাবে টিকিট কাটা, যেটা একেবারে উত্তম সিদ্ধান্ত হয়েছে।

সবচেয়ে বড় যে আকাঙ্খাটা নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে স্নোর্কেলিং বা স্কুবা ডাইভিং করা যেটা দেশে অনেকবার প্ল্যান করেও হয়ে উঠে নাই। আর একটা ছোটোখাটো ট্রেকের সন্ধান পেয়েছি হ্যানয়ের সাপা'তে (Phan Xi Păng মাউন্টেইন ট্রেক)

1000014767.jpg

দেখা যাক, কি আছে এই এডভেঞ্চারে।

Vietnam-02: How, Why, when... | Ecency