আমি একটা জগতে ছিলাম
আমার প্রতিবেশী ছিলো জরায়ু আর রক্ত
বিশাল জগৎ ছেড়ে আমাকে আসতে হলো মাত্র দশ মাস তিন দিনে,
যে পথে প্রবেশ করেছি পৃথিবীতে সে পথ আমার মন্দির, আমার মসজিদ,আমার গীর্জা।
জন্মের পরে আমি দেবতা ছিলাম
আর আমার মা ঈশ্বর,
আমাকে দেখেই তীব্র সুখের হাসি দিয়েছে
আমি কাঁদতে কাঁদতে সাফওয়া মারওয়া নামক দুই পাহাড় চুষে খেলাম,
বেড়ে উঠলাম একটা গাছের মতো
পাহাড় খেয়ে পাহাড়ের মতো,
নদী, সাগরের মতো
আমি বেড়ে উঠলাম হিংস্র মাংসাশীর মতো
বেড়ে উঠলাম নরম প্রজাপতির মতো।
এখন আমি বেদ,ত্রিপিটক, কোরআন, তওরৎ পড়ি না
আমি পড়ি আমার মায়ের আঙুল,
আঙুলের একেকটা দাগ
কপাল কপালের ভাঁজ।
হাজরে আসওয়াদ কখনো চুমু খাইনি
মায়ের কপালে খেয়েছি
মায়ের কপালের থেকে মহাপবিত্র কিছু নেই,
মক্কা, জেরুজালেম, অমরনাথ অইসব জায়গায় আমি যাইনি কখনো
আমি গিয়েছি আমার মায়ের কোলে, মায়ের শরীরের সোদা গন্ধ আমাকে বাঁচতে শিখিয়েছে।
অথচ ওরা আমার মা'কে
পতিতা বলে, বেশ্যা বলে, বীরাঙ্গনা বলে,
আর আমাকে বলে তুই জারজ সন্তান।
follow @dedicatedjaved