কোনো এক উপলক্ষে কোনো এক বিখ্যাত ব্যক্তির সই নেয়া থেকে যে শখের শুরু, তা কখন যে তীব্র নেশায় পরিণত হয়, ব্যক্তি নিজেও জানেন না! অনেকের জীবনে বইমেলায় স্বাক্ষর সংগ্রহের নানা মজার অভিজ্ঞতা রয়েছে। এখনো এমন অনেক বয়স্ক মানুষ আছেন, যারা বিখ্যাত ব্যক্তিত্ব দেখলেই কাগজ-কলমের খোঁজ করেন। অটোগ্রাফ শিকারের নেশা এমনই। নিমেষে তারা ফিরে যান তারা ছোটবেলার দিনগুলোয়।
কবে থেকে শুরু অটোগ্রাফ নেয়ার প্রচলন?
বলা হয়ে থাকে, ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে জার্মানিতে অটোগ্রাফ নেয়ার প্রচলন শুরু হয়। সেই সময় জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বিখ্যাত ব্যক্তিদের বা বিশেষ করে নিজের বন্ধুবান্ধবদের সই সংগ্রহ করার একটা অভ্যাস গড়ে উঠেছিল। সেই থেকেই অটোগ্রাফ নেয়ার উৎসাহটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। জার্মানিতে সেই সময় এই সই সংগ্রহের ব্যাপারটা এতটা জনপ্রিয় হয়ে ওঠে যে, অচিরেই বেরিয়ে যায় একধরনের ছোট, লম্বাটে অ্যালবাম, যা পকেটে রাখা সহজ। এই খাতাগুলোর নাম ছিল ‘অ্যালবা অ্যামিকোরাম’। ব্রিটিশ জাদুঘরে এই অ্যালবামের একটি বিশাল সংগ্রহ রয়েছে। সেখানে রয়েছে কবি জন মিল্টনের মতো বিখ্যাত সব ব্যক্তিদের সই।
ব্রিটিশ জাদুঘরে সংরক্ষিত অ্যালবা অ্যামিকোরাম খাতার নমুনা