চিকেন কবিরাজি কাটলেট
উপকরণ
- মুরগির হাড়ছাড়া মাংসের ফালি – ৪ টুকরো
- লেবুর রস – ২ চা চামচ
- সাদা গোলমরিচের গুঁড়ো – আধা চা চামচ
- পেঁয়াজ বাটা – ২ চা চামচ
- আদা বাটা – আধা চা চামচ
- রসুন বাটা – আধা চা চামচ
- ধনিয়া পাতা বাটা – ২ চা চামচ
- কাঁচা মরিচ বাটা – আধা চা চামচ
- গরম মসলার গুঁড়ো – আধা চা চামচ
- লবণ – স্বাদমতো
- ময়দা
- ব্রেডক্রাম্বস বা টোস্টবিস্কুটের গুঁড়ো।
প্রণালি
প্রথমে ময়দা বাদে বাকি মসলাগুলো মাংসের টুকরোগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে এক থেকে দুই ঘণ্টা রেখে দিতে হবে। অন্য একটি পাত্রে দুইটি ডিম নিয়ে তাতে এক চা চামচ কর্নফ্লাওয়ার, একটু লবণ ও সামান্য গোল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মেরিনেট করা এক টুকরো মাংস নিয়ে তার দুইপাশে ময়দা মাখিয়ে নিতে হবে। অতিরিক্ত ময়দা ঝড়িয়ে নিয়ে মাংসের টুকরোটি ফেটানো ডিমে ডুবিয়ে নিতে হবে।
এবার তার ওপর ব্রেডক্রাম্বস ভালোভাবে ছড়িয়ে দিয়ে হালকা গরম তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। দুদিক ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই তেলের মধ্যে ফাটানো ডিম আঙ্গুল দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন ঝুরি ঝুরি তৈরি হয়। এবার আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসের টুকরোটি ডিমের জালির ওপর আলতো করে ছেড়ে দিতে হবে। দুই পাশ থেকে ডিমের জালি তুলে কাটলেটটা ঢেকে দিতে হবে। দুইপাশে আবার হালকা করে ভেজে তুলে নিতে হবে চিকেন কবিরাজি কাটলেট। প্রত্যেকটি টুকরো একইভাবে ভেজে তুলে নিতে হবে। প্রস্তুত হয়ে গেল অত্যন্ত সুস্বাদু ও ঐতিহ্যবাহী মুরগির মাংসের এই পদ- চিকেন কবিরাজি কাটলেট। ইফতারে একটু ভাজাপোড়া তো খাওয়াই হয়, সেদিক থেকে মুরগির এই ভাজাপোড়াটি একদিকে যেমন লোভনীয়, অন্যদিকে পুষ্টিকরও।