ভালো থেকো তোমরা দুজন-
প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
কাল রাতে আমি বাড়িতে (শ্বশুড় বাড়ি) ফিরলাম। ঝুনুদিকে ছেড়ে আসতে কষ্ট হচ্ছিলো ভীষণ, কিন্তু কিছু করার নেই, আজ হোক বা কাল ফিরতে তো হবেই।
ফেরার সময় এটাই ভাবছিলাম কি অনিশ্চিত মানুষের জীবন তাই না?মানুষ মাত্রই কয়েক দিনের অতিথি এই পৃথিবীর বুকে, যাদের সময় ফুরোলেই চলে যেতে হবে এমন এক অজানার দেশে, যেখান থেকে ফেরার রাস্তা সব বন্ধ।
আমরা অনেক সময় অনেকের উপর রাগ করি, অভিমান করি,নিজের ইগোর কারণে কথাও বলিনা, অথচ দেখা যায় সেই মানুষগুলোর সাথে একসময় আমাদের সম্পর্ক ভীষণ ভালো ছিলো।
কোনো এক ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব বেড়েছে, যদি কখনো আমরা শুনি তিনি আর এই পৃথিবীতে নেই, তখন আমরা কষ্ট পাই, আফসোস করি কেনো তার সাথে সম্পর্ক খারাপ করলাম, আর কোনোদিন তো সম্পর্ক ঠিক করার সুযোগ পাবো না। কিন্তু এই ভাবনাটাই যদি শুরু থেকে সবাই ভাবী তাহলে অনেক সম্পর্ক কিন্তু ঠিক হয়ে যায়।
প্রিয় মানুষ সারাজীবনের মতো চলে গেলে নিজেদের মনের কোনে কোথাও একটা খারাপ লাগা থেকেই যায় যে,আমার কারণে সে কষ্ট পায়নি তো? আমার কোনো ব্যবহার তার খারাপ লাগেনি তো?হয়ত অনেক সময় না জেনেই আমরা তাদের কষ্ট দিয়ে ফেলি, তবে তার থেকেও বড় অপরাধ হলো জেনে বুঝে আঘাত করা।
আমি জানিনা আমার কোনো ব্যাবহারে আমার মা, ঝুনুদির মা কষ্ট পেয়েছে কিনা? তবে যদি পেয়েও থাকে তাও আমার অজান্তে, যার কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।না বুঝেই আমরা আমাদের কাছের মানুষদের এমন অনেক কথা বলি যেগুলো তাকে আঘাত দিতে পারে, তবে একই জিনিস যখন নিজেদের সাথে ঘটে শুধুমাত্র তখনই আমরা সেটা বুঝতে পারি।
তাই আসুন যতটা সম্ভব নিজেকে বদলে নেই, সময় থাকতেই কাছের মানুষগুলোকে সময় দেই, তাদের সাথে ভালো ব্যবহার করি, তাহলে হয়তো একটু হলেও আফসোস কমবে আমাদের।
ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।
আপনাদের দিনটি শুভ হোক।